প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৪:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ২:৩৭ পি.এম
অটোরিক্সার ধাক্কাকে কেন্দ্র করে সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, চ্যানেল নিউজ :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় ফলের দোকানে অটোরিকশার ধাক্কাকে কেন্দ্র করে দু'টি গ্রামের বাসিন্দার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকালে সরাইল উপজেলার সৈয়দটুলা ও চানমনিপাড়া গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, সোমবার সকালে চানমনিপাড়ার বাসিন্দা রওশন আলীর ছেলে ইউসুফের ফলের দোকানের সামনে একটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় নূর আলম নামের এক ব্যক্তি গরু নিয়ে যাওয়ার পথে রাস্তা আটকে থাকা অটোরিকশাটি সরাতে গেলে সেটি পাশের ফলের দোকানে ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়।
পরবর্তীতে বিষয়টি উভয় গ্রামের মধ্যে ছড়িয়ে পড়লে সৈয়দটুলা ও চানমনিপাড়ার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। খবর পেয়ে সরাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উপজেলা সরকারি হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এবিষয়ে জানান, সংঘর্ষের সংবাদ পাওয়ার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে ঘটনাস্থলে যান। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : কাজী জহির উদ্দিন তিতাস
প্রধান আইন উপদেষ্টা : এড: ড. মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
:: আইন উপদেষ্টা : এড: মো: শাহপরান (পরান), আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম
কোর্ট।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: সাইফুল ইসলাম সাইফুল : উপদেষ্টা : মোঃ
শফিকুল ইসলাম শাকিল
প্রধান সম্পাদকঃ মোঃ শাহনেওয়াজ হীরা
কপিরাইট @ দৈনিক চ্যানেল নিউজ