লালমনিরহাট প্রতিনিধি, চ্যানেল নিউজ : অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে আটক করেছে বিজিবি।
রোববার (২১ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে সীমান্তের ডাঙ্গাপাড়া এলাকায় বাংলাদেশের প্রায় ১০০ গজ অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আটক বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ। তিনি ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের টহলদলের সদস্য।
বিজিবি ও স্থানীয়রা জানায়, রোববার ভোরে বিএসএফ টহলদলের সদস্য বেদ প্রকাশ ভারতীয় শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে ডাঙ্গাপাড়া এলাকায় প্রবেশ করে। এ সময় ৫১ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম-আঙ্গরপোতা ক্যাম্পের টহলদলের সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
আটককালে তার ব্যবহৃত একটি শর্টগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি অ্যানড্রয়েড মোবাইল ফোন পাওয়া যায়। বর্তমানে ওই বিএসএফ সদস্যকে অস্ত্র-গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জামসহ দহগ্রামের আঙ্গরপোতা ক্যাম্পে রাখা হয়েছে।
জানতে চাইলে আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার রফিকুজ্জামান এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
তবে বিজিবির রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদে ভারতীয় বিএসএফ সদস্য কনস্টেবল বেদ প্রকাশ বলেছে কুয়াশায় গরু পাচারকারীদের পিছু নিয়ে ধাওয়া করতে গিয়ে ভুল করে বাংলাদেশে ঢুকেছে। এ ঘটনায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক করার কথা রয়েছে।
তিনি আরও বলেন, বিএসএফ দুঃখ প্রকাশ করে ওই সদস্যের পরিচয় নিশ্চিত করেছে এবং তাকে ফেরতের অনুরোধ জানিয়েছে। বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি ১৯৭৫ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ওই বিএসএফ সদস্যের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : কাজী জহির উদ্দিন তিতাস
প্রধান আইন উপদেষ্টা : এড: ড. মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট :: আইন উপদেষ্টা : এড: মো: শাহপরান (পরান), আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: সাইফুল ইসলাম সাইফুল : উপদেষ্টা : মোঃ শফিকুল ইসলাম শাকিল প্রধান সম্পাদকঃ মোঃ শাহনেওয়াজ হীরা
কপিরাইট @ দৈনিক চ্যানেল নিউজ