নরসিংদী প্রতিনিধি, চ্যানেল নিউজ : নরসিংদীর মাধবদীতে জাহিদুল ইসলাম পলাশ (২৫) নামে ছাত্রদল নেতাকে উপূর্যপুরি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নোয়াপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জাহিদুল উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর গ্রামের মোশাররফ হোসেন ভূঁইয়ার ছেলে। তিনি জিনারদী ইউনিয়ন ছাত্রদলের কর্মী ও স্থানীয় শেখেরচর বাবুরহাটে কাপড়ের ব্যবসায়ী।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে কোনো এক ব্যক্তি জাহিদুলকে ফোন করে মাধবদীর নোয়াপাড়া এলাকায় ডেকে নেয়। তিনি সেখানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার বুকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জাহিদুলের চিৎকারে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান জানান, নিহতের বুকে গভীর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনার বিষয় জানতে চাইলে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
https://shorturl.fm/vZDzG