চ্যানেল নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সন্তানরা শুধু শিক্ষিত হলেই হবে না তাদের নীতি-নৈতিকতাও শেখাতে হবে।
শনিবার (১৭ জানুয়ারি) রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তি প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার এ কথা বলেন। এসময় ৫১৭ জন মেধাবী শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

ডিএমপি কমিশনার বলেন, সন্তানরা শুধু শিক্ষিত হলেই হবে না তাদের নীতি-নৈতিকতাও শেখাতে হবে। নৈতিকতাবিহীন মানুষ দিয়ে কখনোই উন্নত দেশ গড়ে তোলা সম্ভব নয়। এই নৈতিক শিক্ষা ছোটোবেলা থেকেই শিখাতে হবে এবং নিজেরাও নীতি নৈতিকতা মেনে চলতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ কমিশনার বলেন, ‘বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষার দিকে বিশেষ নজর দিতে হবে। একই সাথে ইংরেজি ভাষার ওপর জোর দিতে হবে। তোমরা যদি ভালো মানুষ হও পিতা-মাতা গর্ববোধ করবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ফারুক আহমেদ বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক শিক্ষাবৃত্তি প্রদান অত্যন্ত মহৎ উদ্যোগ। একটি সমাজ বা রাষ্ট্র যদি উন্নতি লাভ করতে চায় তাহলে প্রয়োজন উন্নতমানের মানুষ তৈরি করা। উন্নত ও আদর্শ মানুষ ছাড়া কোনোভাবেই একটি উন্নত সমাজব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য এই শিক্ষাবৃত্তি বৃত্তিপ্রাপ্তদের উদ্বুদ্ধ করবে। বৃত্তিপ্রাপ্তরা ভবিষ্যৎ জীবনে দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠলে সেটাই হবে আমাদের সফলতা।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে এক শিক্ষার্থী বলেন, এই রকম সুন্দর একটি অনুষ্ঠানের অংশীদার হতে পেরে আমি অত্যন্ত খুশি। সকল শিক্ষার্থী বন্ধুদের পক্ষ থেকে ডিএমপিকে এ রকম সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাগত বক্তব্য রাখেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশের অন্যতম বৃহৎ পুলিশ ইউনিট। এ ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের সুশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে ২০১৭ সালে চালু হয় এই শিক্ষা বৃত্তি কার্যক্রম।
Leave a Reply