জহিরুল ইসলাম সাগর, চ্যানেল নিউজঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
সোমবার (৩০ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে আখাউড়া পৌরসভার খড়মপুর বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন সুবল চন্দ্র দাস (৫২)। তিনি আখাউড়া উপজেলার দূর্গাপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম হীরা লাল চন্দ্র দাস।
আহতরা হলো- অটোচালক দূর্গাপুর গ্রামের রফিকুল ইসলাম, অটোযাত্রী খড়মপুর গ্রামের খোকন খান খাদেমের পুত্র সিয়াম খান খাদেম ও শরীফ খান খাদেমের পুত্র সৌরভ খান খাদেম, চানপুর গ্রামের রবিন খান। আহতদের মধ্যে সিয়াম খান খাদেম ও রফিকুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছে। ঘাতক ট্রাকচালক কাউছার মিয়া (৩২)কে ট্রাকসহ আটক করেছে পুলিশ। তিনি আশুগঞ্জ উপজেলার ছড়ছাড়তলা এলাকার বাসিন্দা। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খড়মপুর বাইপাস চৌরাস্তার মোড় থেকে নারায়ণপুর বাইপাসগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রী সুবল চন্দ্র দাস ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আহত তিনজনকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ উল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply