চ্যানেল নিউজ ডেস্ক : রাজধানীর মগবাজার মোড় এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে শক্তিশালী ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সিয়াম (২১)। তিনি মগবাজারের জাহিদ কার ডেকোরেশন নামে একটি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।
বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে নিচের সড়কে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ককটেলটি নিচে পড়ার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, ফ্লাইওভার থেকে একটি শক্তিশালী ককটেল নিচে নিক্ষেপ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ককটেলটি সরাসরি ওই যুবকের মাথার ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানায়, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দোকান থেকে নাস্তা কিনতে রাস্তা পার হচ্ছিলেন সিয়াম। ঠিক সেই সময় ওপর থেকে ছোড়া ককটেলটি বিস্ফোরিত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনাস্থলে থাকা চায়ের দোকানি ফারুক বলেন, সিয়াম তার দোকানে এসে চা চেয়েছিলেন। তিনি কাপ ধোয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ হয়। এরপর দেখেন সিয়াম মাটিতে পড়ে আছেন এবং মাথা থেকে প্রচুর রক্ত বের হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড ও মগবাজার জাতীয় চার্চ পরিষদের সামনের সড়কে ফারুক টি স্টল নামে একটি চায়ের দোকানের পাশেই ককটেলটি নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম্ব ডিসপোজাল দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ শুরু করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
https://shorturl.fm/McqaE