চ্যানেল নিউজ ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের অন্যতম সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত শাহর-ই-নাও অঞ্চলে এক ভয়াবহ বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) দেশটির অন্তর্বর্তীকালীন তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছেন।
ওই এলাকাটিতে সাধারণত অনেক বিদেশি নাগরিক বসবাস করেন এবং এটিকে শহরের অন্যতম নিরাপদ জোন হিসেবে বিবেচনা করা হয়। আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ব্যস্ততম এই এলাকায় হঠাৎ ঘটা বিস্ফোরণে হতাহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে জানান, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী বেশ কয়েকজন মানুষ নিহত ও আহত হয়েছেন। বিস্ফোরণের ধরন এবং এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী। বিস্তারিত তথ্য অনুসন্ধানের পর আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে প্রকাশ করা হবে বলে তিনি উল্লেখ করেছেন।

২০২১ সালে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর তালেবান ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে বড় ধরনের বিস্ফোরণ বা হামলার ঘটনা কিছুটা কমেছে। তবে সাম্প্রতিক সময়ে জঙ্গিগোষ্ঠী আইএস-এর (আইএসআইএল) অনুসারীদের তৎপরতা নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
Leave a Reply