চ্যানেল নিউজ ডেস্ক : নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুরু থেকেই নিরাপত্তা শঙ্কার কথা বলা হয়। শেষ পর্যন্ত আর বিশ্বকাপই খেলা হয়নি বাংলাদেশের।
ক্রিকেট দল ভারতে না গেলেও এবার ভারত সফরে যাচ্ছে শুটিং দল। দিল্লিতে অনুষ্ঠেয় এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বুধবার (২৮ জানুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুটিং দলকে ভারত সফরের জন্য সরকারি আদেশ (জিও) দিয়েছে।
শুটিং দলকে ভারত সফরের অনুমতি দেওয়ার ব্যাখ্যাও দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এই টুর্নামেন্টটি ইনডোর এবং সংরক্ষিত এলাকায় অনুষ্ঠিত হওয়ায় বড় কোনো নিরাপত্তাঝুঁকি থাকবে না বলে মনে করছে সরকার।
যুব ও ক্রীড়াসচিব মো. মাহবুব-উল-আলম দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ দলে একজন খেলোয়াড় ও একজন কোচ। ছোট দল। তা ছাড়া স্থানীয় আয়োজকেরা আমাদের নিশ্চয়তা দিয়েছে যে নিরাপত্তার কোনো সমস্যা হবে না।’প্রতিযোগিতা হবে ইনডোরে ও সংরক্ষিত এলাকায়। ফলে নিরাপত্তার সংকট হবে না আশা করা যায়। সব দিক বিবেচনা করেই শুটিং দলকে ভারতের যাওয়ার অনুমতি দিয়েছে সরকার।’-যোগ করেন যুব ও ক্রীড়াসচিব।
আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগীতাটিতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি দেশের অন্যতম সেরা শুটার রবিউল ইসলাম। তাঁর খেলা ৫ ফেব্রুয়ারি। কোচ হিসেবে আছেন শারমিন আক্তার।
নৌবাহিনীর অ্যাথলেট হিসেবে বিশেষ পাসপোর্ট থাকায় রবিউল ভিসা ছাড়া সাত দিন থাকতে পারবেন ভারতে। তবে শারমিনকে ভিসা নিতে হবে। ৩১ জানুয়ারি তাঁদের দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের পর এটিই হতে যাচ্ছে শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণ।
Start earning passive income—become our affiliate partner!