চ্যানেল নিউজ ডেস্ক : দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে এক ঘণ্টার মধ্যে তিন দফায় মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় সোমবার (৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে প্রথম দফায় মিসাইল নিক্ষেপ করা হয়। এরপর কয়েক মিনিটের ব্যবধানে আরও দুই দফা হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম দি টাইমস অব ইসরাইল।বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ
মিসাইল হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চলসহ বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। বিশেষ করে রাজধানী তেলআবিব, হাইফা ও আশপাশের শহরে মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মাটিতে পড়ে। এতে মধ্য ইসরায়েলের একটি এলাকায় ধ্বংসাবশেষ পড়ে এক নারী আহত হয়েছেন বলে জরুরি সেবা সংস্থাগুলো জানিয়েছে।
হামলার সময় তেলআবিবসহ বিভিন্ন শহরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে আগুনের ঝলক দেখা গেছে বলে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার জবাবে ইরান একাধিক দফায় মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এই সংঘাত ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন।
সূত্র: দি টাইমস অব ইসরাইল।
Leave a Reply