চ্যানেল নিউজ ডেস্ক : সাইবার নিরাপত্তা ও করপোরেট তথ্য সুরক্ষার স্বার্থে হোয়াটসঅ্যাপের ব্যবহার নিষিদ্ধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দাপ্তরিক যোগাযোগের জন্য প্রতিষ্ঠানটি কর্মীদের এখন থেকে মাইক্রোসফট টিমস ব্যবহারের পরামর্শ দিয়েছে।
সম্প্রতি বিমানের আইটি বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করপোরেট নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপের মতো থার্ড-পার্টি অ্যাপ ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “মাইক্রোসফট টিমস একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, নিরাপদ এবং পেশাদার যোগাযোগ মাধ্যম। অফিসিয়াল বার্তা, ভয়েস ও ভিডিও কল, ফাইল শেয়ারিংসহ করপোরেট প্রয়োজনীয় সব সুবিধাই এতে রয়েছে।”
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাইক্রোসফট টিমসে ব্যক্তিগত ইমেইল বা মোবাইল নম্বর দিয়েই সহজে অ্যাকাউন্ট খোলা সম্ভব, যা কর্মীদের দ্রুত মানিয়ে নিতে সহায়ক হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বলেন, “সাইবার নিরাপত্তা জোরদার করতে আমরা ইতোমধ্যেই মাইক্রোসফটের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছি। প্ল্যাটফর্মটির মাধ্যমে অনলাইনে বৈঠকসহ দাপ্তরিক যোগাযোগ চালানো যাচ্ছে। কয়েক মাস আগে অফিসের ডেস্কটপ কম্পিউটারগুলোতে হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়।”
তিনি আরও বলেন, “হোয়াটসঅ্যাপ একটি থার্ড-পার্টি অ্যাপ, যা তথ্য সুরক্ষার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে। বিমান এখন চায়, দাপ্তরিক যোগাযোগ আরও সুরক্ষিত ও পেশাদার হোক। এই সিদ্ধান্ত সে লক্ষ্যেই নেওয়া হয়েছে।”
Leave a Reply