চ্যানেল নিউজ ডেস্ক : ঐক্য বজায় রেখে নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, বীরের রক্তস্রোত ও মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায়, যেকোনো মূল্যে তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে। আসুন সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়িত করি। বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্নকে।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় শহীদ পরিবার, বিএনপিসহ দেশের বিভিন্ন দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বেগম জিয়া বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্টদের নির্যাতন, গ্রেপ্তার, অত্যাচার, খুন, গুমের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে, এক দলীয় শাসনব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী লীগ শাসকগোষ্ঠী। ছাত্র-জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে। সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশ গড়ার।
এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে।
তিনি বলেন, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন, তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতির নিশ্চিত করতে হবে।
Leave a Reply