সরাইল প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়ার ২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির অন্যতম সদস্য ডা. নাজমুল হুদা বিপ্লব। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ফরিদুল হুদা’র পুত্র।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলা সদরে ক্যাফে বাংলা হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে নিজের প্রার্থীতা ও দলীয় কর্মকান্ড এবং সরাইল- আশুগঞ্জ ঘিরে নানা স্বপ্নের কথা ব্যক্ত করেন তিনি।নিজের বক্তব্যে ডা. নাজমুল হুদা বিপ্লব বলেন, সরাইল-আশুগঞ্জ নির্বাচনী এলাকা নানাভাবে অবহেলিত। যাতায়াত ব্যবস্থা বাদ দিলেও এখানে উৎপাদিত বিদ্যুৎ ও গ্যাস থেকে আমরা বঞ্চিত। অথচ আমাদের গুরুত্ব বেশি হওয়া উচিৎ ছিলো। যদিও এটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত, তবে এভাবেই আমাদের নানাদিক থেকে বঞ্চিত করা হচ্ছে। অধিকার আদায়ের লক্ষ্যে একজন যোগ্য ব্যক্তি এখানে এমপি হিসাবে প্রয়োজন।
তিনি আরও বলেন, অন্যান্য যারা প্রার্থী রয়েছেন সকলকে আমি যোগ্য বলে মনে করি, তবে আমার পিতা ডাঃ ফরিদুল হুদা তার জীবন জুড়ে জনস্বার্থে কাজ করেছেন। তাঁর পথ অনুসরণ করেই আমি জনকল্যাণে কাজ করতে চাই। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয় এবং আমি নির্বাচিত হতে পারলে সরাইল-আশুগঞ্জের উন্নয়নে কাজ করে যাবো।
মতবিনিময় অনুষ্ঠানে সরাইল উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম-এর সভাপতিত্বে ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আলী মাষ্টার’সহ অন্যান্য সদস্যবৃন্দ, সরাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন ও অন্যান্য সদস্যবৃন্দ এবং সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরীফ উদ্দিন ও অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরমান উদ্দিন পলাশ ও বিএনপি নেতা আক্তার হোসেন’সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply