গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার

গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার

চ্যানেল নিউজ ডেস্ক : চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজের একটি কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে ক্লাবের একটি আবাসিক কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন জানান, রোববার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে চট্টগ্রাম ক্লাবের ৩০৮ নম্বর রুমে রাত্রিযাপন করেছিলেন এম হারুন-অর-রশীদ। সোমবার সকালে তার একটি গুরুত্বপূর্ণ মিটিং থাকার কথা থাকলেও, বহুবার ফোন করা সত্ত্বেও তিনি সাড়া দিচ্ছিলেন না। পরে রুমের দরজায় নক করেও কোনো সাড়া না পেয়ে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়।

পরবর্তীতে বারান্দার কাঁচের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হলে বিছানায় নিথর দেহে তাকে পড়ে থাকতে দেখা যায়।

চট্টগ্রাম ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন জানান, তিনি একাই গেস্ট হাউজে ছিলেন এবং সকাল পর্যন্ত রুম থেকে বের হননি। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে রুমের দরজা খোলা হয়।

খবর পেয়ে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) একটি চিকিৎসক দল ক্লাবে পৌঁছে শারীরিক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম জানান, চিকিৎসকদের প্রাথমিক ধারণা—এটি একটি স্বাভাবিক মৃত্যু।

পুলিশ জানিয়েছে, মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থলে সিআইডি, ক্রাইম সিন ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের সম্মতির ভিত্তিতে ময়নাতদন্ত করা হবে, এরপর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ ১৯৪৮ সালে চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং তার অসীম সাহসিকতার জন্য ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত হন। তিনি ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
04 August 2025

গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার

নিউজ লিংক কমেন্টসে