জহিরুল ইসলাম সাগর, স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ওসি ঘুষ বাণিজ্য নামক সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টার মো. ফজলে রাব্বি এবং আরটিভির আখাউড়া উপজেলা প্রতিনিধি সাদ্দাম হোসেনের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে কসবা প্রেসক্লাব এবং আখাউড়ার সাংবাদিক ও সুশীল সমাজ।

উল্লেখ্য মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে আখাউড়া থানায় মামলাটি দায়ের করেন ইমিগ্রেশন পুলিশের ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার।
গত ৪ আগস্ট আরটিভি অনলাইন এবং ৭ আগস্ট দৈনিক যুগান্তরে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে ওসির নেতৃত্বে ঘুষ বাণিজ্য ও অনিয়মের প্রতিবেদনে উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম ও কনস্টেবল দেলোয়ার হোসেনের ঘুষ গ্রহণ, যাত্রী হয়রানি এবং অবৈধ পারাপারের নানা অভিযোগ তুলে ধরা হয়।
এরই প্রেক্ষিতে ইমিগ্রেশন ওসির দায়ের করা মামলার প্রতিবাদে আজ কসবা প্রেসক্লাবের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে। গত ১৫ আগষ্ট আখাউড়ায় সাংবাদিক ও সুশীল সমাজের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন থেকে ৩ দফা দাবি করা হয়েছে। দাবিগুলো হলো ৭২ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার, আখাউড়া থানার ওসি মোঃ ছমিউদ্দিন ও ইমিগ্রেশন ওসি আব্দুস সাত্তারকে প্রত্যাহার এবং তদন্ত করে অনিয়ম দূর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ।
Leave a Reply