ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের কান্দিপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কান্দিপাড়া এলাকার নাজমুল আহমেদ টুটুল (৩৬), শিহাব (৩০) ও সাজু মিয়া। তাদের মধ্যে টুটুল ও শিহাব জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
জেলার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রাবার বুলেটে আহত দুজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়া এলাকার লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জের ধরে সন্ধ্যায় দিলীপ গ্রুপের লোকজন কান্দিপাড়া এলাকায় অবস্থানকালে তাদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে লায়ন শাকিল ও তার সহযোগীরা। এতে টুটুল, শিহাব ও সাজু মিয়া নামে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ওসি আরো জানান, আধিপত্যের পেছনে আরো কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সাথে যারাই জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
Leave a Reply