চ্যানেল নিউজ ডেস্ক : ভারতের মুম্বাইয়ে দুর্ঘটনার শিকার হলো এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ। প্রবল বৃষ্টির মধ্যে অবতরণের সময় ফ্লাইটটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে বিমানের ইঞ্জিন এবং চাকার ব্যাপক ক্ষতি হলেও সৌভাগ্যবশত যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন।
সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
কোচি থেকে আসা ফ্লাইটটি ভারী বৃষ্টির কারণে ভেজা রানওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে বলে জানা গেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ঘটনার সঙ্গে সঙ্গেই আমাদের জরুরি সাড়া দল ঘটনাস্থলে পৌঁছায়। ক্রু এবং যাত্রীরা কেউই বড় কোনো আঘাত পাননি।
প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, বিমানের একটি ইঞ্জিন ও পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি বিমানের সঙ্গে কাচের টুকরোও আটকে থাকতে দেখা গেছে। রানওয়ের একটি অংশেও আংশিক ক্ষতির চিহ্ন মিলেছে, যার ফলে ওই রানওয়ে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।
বিকল্প ব্যবস্থা হিসেবে বর্তমানে সেকেন্ডারি রানওয়ে ১৪/৩২ চালু করা হয়েছে, যাতে বিমান চলাচল স্বাভাবিক রাখা যায়। যদিও রানওয়ে আংশিকভাবে বন্ধ থাকায় ফ্লাইট সূচিতে দেরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মুম্বাইয়ে ভোর থেকে টানা ভারী বর্ষণে জলাবদ্ধতাসহ যান চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিমান চলাচলেও আরও বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Leave a Reply