চ্যানেল নিউজ ডেস্ক : সুদানের দারফুর অঞ্চলের এল ফাশার শহরে ফজরের নামাজ চলাকালে একটি মসজিদে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এ হামলা চালায় বলে স্থানীয় চিকিৎসক ও সাহায্যকর্মীরা নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
পশ্চিম দারফুরের এল ফাশারে এই হামলাটি ছিল সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ। প্রায় ১৮ মাস ধরে চলা অবরোধকে আধাসামরিক বাহিনী আরও তীব্র করেছে, যেখানে হাজারো ক্ষুধার্ত বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছে। মসজিদের ধ্বংসস্তূপ থেকে অন্তত ৮৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনের পর নিকটবর্তী আল সৌদি হাসপাতালের একজন সিনিয়র চিকিৎসক সুলেমান ফোনে এ তথ্য জানান। এই প্রত্যক্ষদর্শী জানান, আল জামিয়া মসজিদ মুসল্লিতে পূর্ণ থাকাকালে হামলাটি হয়। ধ্বংসস্তূপ থেকে বহু রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেকেই স্টিলের গার্ডারের নিচে আটকা পড়েছিলেন। তিনি বলেন, ‘দৃশ্যটি ভয়াবহ এবং বর্ণনার বাইরে’।
নিহতদের মধ্যে ছিলেন চিকিৎসক ওমর সেলিক। তিনি মাত্র গত সপ্তাহে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এল ফাশারে আটকা পড়া প্রায় ২ লাখ ৬০ হাজার বেসামরিক মানুষের করুণ অবস্থার কথা জানিয়েছিলেন। বোমাবর্ষণ থেকে বাঁচতে পালিয়ে বেড়ানো এসব মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছিলেন। শুক্রবার সেলিকের মৃত্যুর বিষয়টি তার এক আত্মীয় এবং চিকিৎসক সুলেমান নিশ্চিত করেছেন।
https://shorturl.fm/ZIho1