চ্যানেল নিউজ স্পোর্টস ডেস্ক : ২ ঘণ্টারও বেশি সময়ের ফিফা বিশ্বকাপ ড্রয়ের পর চূড়ান্ত হলো গ্রুপের প্রতিপক্ষ। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল সহজ গ্রুপে পড়েছে। সি গ্রুপে ব্রাজিল পেয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডকে। আর্জেন্টিনার জে গ্রুপে প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান।
ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে মরক্কোর সঙ্গে। ১৯৯৮ সালের বিশ্বকাপেও দুই দলের গ্রুপে দেখা হয়েছিল, ৩-০ গোলে জিতেছিল সেলেসাওরা। আর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে।
ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন এইচ গ্রুপে কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। তাদের অন্য প্রতিপক্ষ উরুগুয়ে ও সৌদি আরব। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল কে গ্রুপে উজবেকিস্তান ও কলম্বিয়াকে পেয়েছে। তাদের অন্য প্রতিপক্ষ আন্তঃমহাদেশীয় প্লে অফ জয়ী কঙ্গো বা জ্যামাইকা বা নিউ ক্যালেডনিয়া। এই তিন দলের একটির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পর্তুগাল।
এল গ্রুপকে এবার মৃত্যুকূপ ধরা হচ্ছে। ইউরোপের দুই জায়ান্ট ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার সঙ্গে এই গ্রুপে ঘানা ও পানামা। গত দুই আসরে গ্রুপ পর্বে বিদায় নেওয়া জার্মানি পেয়েছে অপেক্ষাকৃত দুর্বল দলকে। ই গ্রুপে রয়েছে কুরাসাও, ইকুয়েডর ও আইভরি কোস্টে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের প্রথম ম্যাচ কুরাসাওয়ের বিপক্ষে। দুইবারের ফাইনালিস্ট ফ্রান্সকেও দিতে হবে কঠিন পরীক্ষা। উড়তে থাকা আর্লিং হালান্ডের নরওয়ের সঙ্গে আই গ্রুপে তারা, যেখানে আরও আছে সেনেগাল এবং আন্তঃমহাদেশীয় প্লে অফ জয়ের অপেক্ষায় থাকা ইরাক, সুরিনাম ও বলিভিয়া।
ইউরোপিয়ান প্লে অফ খেলে নর্দার্ন আয়ারল্যান্ড, বসনিয়া ও ওয়েলসকে ছাপিয়ে বিশ্বকাপের টিকিট পেলে ইতালি খেলবে বি গ্রুপে। কানাডা, কাতার ও সুইজারল্যান্ড হবে তাদের প্রতিপক্ষ।
ড্র যেভাবে হলো
ড্র অনুষ্ঠানের শুরুতে তিনটি পট থেকে প্রথম তিনটি বল তুলেছেন আয়োজক তিন দেশের তিন প্রধান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারা প্রত্যেকে নিজ নিজ দেশের নাম তোলেন। আগে থেকেই এই তিন দেশের গ্রুপ চূড়ান্ত হয়ে গিয়েছিল। স্বাগতিক মেক্সিকো এ গ্রুপে, কানাডা বি এবং যুক্তরাষ্ট্র ডি গ্রুপে খেলবে। তারপরই শুরু হয়ে যায় বাকি দল বাছাই।
এক নম্বর পট থেকে প্রথম দল ছিল ব্রাজিল, তারা সি গ্রুপের এক নম্বরে ছিল। এরপর জার্মানি ই গ্রুপের এক নম্বরে। নেদারল্যান্ডস এফ গ্রুপে, বেলজিয়াম জি গ্রুপে, স্পেন এইচ, আর্জেন্টিনা জে গ্রুপ, ফ্রান্স আই, পর্তুগাল কে, ইংল্যান্ড এল গ্রুপের প্রথম স্থানে জায়গা করে নেয়।
ফাইনালের আগে দেখা হবে না শীর্ষ দুই র্যাংকিংধারী দল স্পেন ও আর্জেন্টিনার, যদি তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়। ইংল্যান্ড ও ফ্রান্সের বেলাতেও একই হিসাবনিকাশ।
Leave a Reply