চ্যানেল নিউজ ডেস্ক :
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের রাজকোটে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে একের পর এক ভূমিকম্প অনুভূত হওয়ায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। টানা নয়বার মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পনে ভীত হয়ে বহু মানুষ গভীর রাতে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। কিছু এলাকায় নিরাপত্তাজনিত কারণে প্রশাসনের পক্ষ থেকে ভবন খালি করার নির্দেশও দেওয়া হয়।
স্থানীয় প্রশাসন জানায়, প্রথম ভূকম্পনটি অনুভূত হয় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টা ৪৩ মিনিটে। এরপর রাতভর ও ভোর পর্যন্ত দফায় দফায় কাঁপুনি চলতে থাকে। শেষ কম্পনটি রেকর্ড করা হয় শুক্রবার সকাল ৮টা ৩৪ মিনিটে। নয়টি ভূমিকম্পের মধ্যে সবচেয়ে বেশি মাত্রা ছিল ৩ দশমিক ৮ এবং সর্বনিম্ন ২ দশমিক ৯।
ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ছিল কচ্ছ জেলার উপলেটা এলাকা থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। স্বল্প সময়ের মধ্যে এতবার ভূকম্পনের অভিজ্ঞতা আগে না থাকায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিএন/ তিতাস
Leave a Reply