চ্যানেল নিউজ ডেস্ক : চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি করে ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) মামলার তদন্তকারী কর্মকর্তা সিএমপির সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) মাহফুজুর রহমান চট্টগ্রাম আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্র জমা দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এডিসি (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসসহ ৩৮ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এই অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্র থেকে চারজনকে বাদ দেওয়ার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। মামলার পরবর্তী ধার্য তারিখে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
আদালত সূত্র জানায়, গত বছরের ৩১ অক্টোবর কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। নগরীর চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে এই মামলা করেন।
মামলার পর ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। এ মামলার আসামি হিসাবে চিন্ময় কৃষ্ণ দাসকে গত বছরের ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার করে চট্টগ্রামে নিয়ে আসা হয়।
পরদিন ২৬ নভেম্বর চিন্ময় দাসকে আদালতে হাজির করে পুলিশ। আদালতে চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর হলে চট্টগ্রামের আদালত অঙ্গন ও আশপাশে ব্যাপক সংঘর্ষ হয়। ওই দিন বিকেলের দিকে আদালত এলাকার কাছে কোতোয়ালি থানার পেছনে ইসকন সমর্থকরা আইনজীবী আলিফকে কুপিয়ে পিটিয়ে হত্যা করে।
ঘটনার কয়েকদিন পর নিহত আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পাশাপাশি পুলিশের ওপর হামলা, কাজে বাধা এবং আইনজীবী,বিচারপ্রার্থীদের ওপর হামলার ঘটনায় পৃথকভাবে আরও পাঁচটি মামলা করা হয়।
আলিফ হত্যা মামলায় গ্রেফতার ২১ জন বর্তমানে চট্টগ্রাম কারাগারে আছেন। ঘটনার পর গ্রেফতার আসামি চন্দন দাস, রিপন দাস ও রাজীব ভট্টাচার্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে কীভাবে আলিফতে হত্যা করা হয় তার বিস্তারিত বিবরণ আছে।
Leave a Reply