ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ

চ্যানেল নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে আজ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে।

সোমবার (১৫ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চে এই যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। কার্যক্রমের শুরুতে প্রসিকিউশন তাদের যুক্তি তুলে ধরবে। এরপর গ্রেপ্তার ও পলাতক আসামিদের পক্ষে আইনজীবীরা যুক্তি উপস্থাপন করবেন। সবশেষে হবে পাল্টা যুক্তি ও খণ্ডন। এ ধাপ শেষ হলে মামলাটি রায়ের পর্যায়ে যাবে। চলতি মাসের মধ্যেই যুক্তিতর্ক শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত ১০ ডিসেম্বর মামলার আসামি শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষ্য দেন জুয়েল মাহমুদ। তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে তিনি শহীদ মিনারে অংশ নেন এবং পরে আরশাদ হোসেনের সঙ্গে সাক্ষাতে সরকার পতনের খবর জানান। এর দুদিন পর, ৮ ডিসেম্বর, ট্রাইব্যুনালে নিজেই সাফাই সাক্ষ্য দেন আরশাদ হোসেন।

জবানবন্দিতে আরশাদ হোসেন দাবি করেন, আন্দোলনের সময় তিনি দায়িত্ব পালন করলেও চানখারপুল এলাকায় কোনো ধরনের অস্ত্র ব্যবহার করেননি। একই দিনে সাফাই সাক্ষ্য দেন মো. সোলাইমান। সবমিলিয়ে মামলায় তিনজন সাফাই সাক্ষ্য দিয়েছেন। তাদের জেরা শেষে আজ যুক্তিতর্কের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এর আগে ৩০ নভেম্বর সাফাই সাক্ষ্য গ্রহণের আবেদন শুনে তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের অনুমতি দেন ট্রাইব্যুনাল। মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলামের জেরা শেষ হয় ২৭ নভেম্বর। তিনি ১২ নভেম্বর থেকে সাক্ষ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুলে ছয়জন নিহত হওয়ার ঘটনায় তদন্তের বিস্তারিত তুলে ধরেন এবং জব্দকৃত আলামতের বর্ণনা দেন। টানা ২৩ কার্যদিবসে মোট ২৬ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়।

এ মামলায় গ্রেপ্তার চার আসামি হলেন— শাহবাগ থানার সাবেক পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।

পলাতক চার আসামি হলেন— ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

চলতি বছরের ১৪ জুলাই আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
15 December 2025

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ

নিউজ লিংক কমেন্টসে